চট্টগ্রাম কলেজের পিকনিক বাসে ককটেল নিক্ষেপ
চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিকনিকের বাসে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে। এতে বাসের জানালার কাচ ভেঙে এক ছাত্রী সামান্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সানাউল্লাহ প্রথম আলোকে বলেন, বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির প্রায় দেড় শ শিক্ষার্থী তিনটি বাসে করে বান্দরবানে পিকনিকে যাচ্ছিলেন। শিক্ষার্থীদের বহনকারী বাসের বহর বাকলিয়া থানার ১০০ গজ দূরে পৌঁছানোর পর সড়কের বাঁ পাশ থেকে চার-পাঁচজন দুর্বৃত্ত বহরের প্রথম বাস লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। ককটেল দুটির বিস্ফোরণে বাসের একটি কাচ ক্ষতিগ্রস্ত হয় এবং বাসের ভেতরে থাকা স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্রী আঘাত পান। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাসে থাকা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র মোস্তফা কামাল বলেন, ককটেল বিস্ফোরণের প্রায় ৪০ মিনিট পর পুলিশি প্রহরায় বাকলিয়া এলাকা থেকে তাঁরা বান্দরবানের উদ্দেশে যাত্রা করেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর প্রথম আলোকে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করা হবে।