চট্টগ্রাম-কাপ্তাই সড়কে আট ঘণ্টা যান চলাচল বন্ধ
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গতকাল বুধবার সকাল থেকে আট ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। হাটহাজারী উপজেলার মদুনাঘাট বিদ্যুৎ বিতরণকেন্দ্রের একটি ট্রান্সফরমারবাহী লরি সড়কে আটকা পড়ায় এ অবস্থা হয়। এতে বিপাকে পড়ে যাত্রীরা।স্থানীয় একাধিক সূত্র জানায়, বিদ্যুতের ট্রান্সফরমারবাহী একটি লরি সকাল ছয়টায় কাপ্তাই সড়কের হাটহাজারী উপজেলার মদুনাঘাট বিদ্যুৎকেন্দ্রে ঢোকার সময় ফটকে আটকা পড়ে। ফটকের সামনে লরিটি সড়কজুড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চট্টগ্রাম শহর ও কাপ্তাই থেকে আসা যাত্রীবাহী বাস, মিনিবাস, টেম্পো, অটোরিকশা, পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক সন্তোষ কান্তি দেব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দায়িত্বজ্ঞানহীনতার কারণে লরিটি আটকা পড়ে। এমনকি লরিটি সড়ক থেকে সরানোর ব্যবস্থা পর্যন্ত কেউ করছে না।’মদুনাঘাট বিদ্যুৎ বিতরণকেন্দ্রের উপব্যবস্থাপক মনজুর মোর্শেদ জানান, প্রায় ৪৮ টন ওজনের ট্রান্সফরমারটি নষ্ট। চন্দ্রঘোনা বিদ্যুৎ বিতরণকেন্দ্র থেকে মদুনাঘাট বিদ্যুৎ বিতরণকেন্দ্রে আনা হচ্ছিল এটি। এটি নিয়ে ঢোকার সময় লরিটি কেন্দ্রের ফটকে আটকা পড়ে। লরিটি ভারী হওয়ায় অনেক চেষ্টার পরও সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। পরে ফটকে দেয়াল ভেঙে সেটি সরিয়ে নেওয়া হয়।