চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এখন স্থায়ী যানজট
পাহাড়তলী সেতুর ছয় মাসের নির্মাণকাজ দুই বছরেও শেষ না হওয়ায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম যেতে এক ঘণ্টার জায়গায় লাগছে তিন ঘণ্টা। ফলে এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত শনিবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সভায় বিষয়টি উত্থাপন করা হলে স্থানীয় সাংসদ এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ সড়ক ও জনপদের রাঙ্গুনিয়া আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী আবুল কাসেম চৌধুরীকে বলেন, ‘সেতুর কাজ শেষ করার জন্য ঠিকাদারকে সময় নির্দিষ্ট করে দিন।’ ওই সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ শেষ করার ব্যবস্থা নিতে বলেন প্রতিমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী সেতুটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। মো. মুছা নামের একজন ঠিকাদার সেতুটির নির্মাণকাজ পান। ২০০৮ সালের জুন মাসে কার্যাদেশ দেওয়া হয়। ওই মাসেই নতুন সেতু নির্মাণের জন্য ঠিকাদার পুরোনো সেতুটি ভেঙে ফেলেন। আর যানবাহন চলাচলের জন্য সেতুর পাশে বিকল্প সড়ক নির্মাণ করেন। কিন্তু সড়কটির প্রস্থ কম হওয়ায় পাশাপাশি দুটি অটোরিকশাই চলাচল করতে পারে না। ফলে সেতুর দুই পাশে প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে।কাপ্তাই বাস শ্রমিক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম জানান, কাপ্তাই সড়কে প্রতিদিন ২৮০টি বাস, ২০০ মাইক্রোবাসসহ বিভিন্ন যান চলাচল করে। এ সড়ক দিয়ে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, রাঙামাটির কাপ্তাই ও রাজস্থলী উপজেলার প্রায় ১০-১১ হাজার মানুষ যাতায়াত করে। সওজের রাঙ্গুনিয়া আঞ্চলিক কার্যালয়ের এক সহকারী নাম প্রকাশ না করার শর্তে জানান, সংশ্লিষ্ট ঠিকাদারকে ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ঠিকাদার সওজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাত করে ধীরগতিতে সেতুর নির্মাণকাজ চালাচ্ছেন। ফলে নির্ধারিত সময়ের ২১ মাস পরেও সেতুটির নির্মাণকাজ শেষ হয়নি।পাহাড়তলী সেতুর নির্মাণকাজের দায়িত্ব পাওয়া ঠিকাদার মো. মুছা বলেন, সেতুর নির্মাণকাজ শুরু করার সময় বৃষ্টি হয়েছিল। এ কারণে যথাসময়ে কাজ শেষ করা যায়নি।সওজের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপনির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী বলেন, সেতুর কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে। দু-তিন মাসের মধ্যে কাজ শেষ হবে।