চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ৩২ বাঁকের মরণ ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে অবস্থিত ৩২টি বাঁকের একেকটি যেন মরণফাঁদ। এমন কোনো দিন নেই যে এসব বাঁকে সড়ক দুর্ঘটনা ঘটে না। গত ২০ বছরে অসংখ্য দুর্ঘটনায় জানমালের ক্ষতি হলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দুর্ঘটনা রোধে এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। কাপ্তাই বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত হোসেন জানান, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক একটি ব্যস্ততম সড়ক। এ সড়কে প্রতিদিন ১৪০টি যাত্রীবাহী বাস, এক হাজার ২০০টিরও বেশি অটোরিকশা, দুই শতাধিক মাইক্রোবাস, ৬০টি জিপ, ৭০টি টেম্পো, শতাধিক মালবাহী ট্রাক ও দুই হাজারেরও বেশি রিকশা চলাচল করে। চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব বাঁকের অধিকাংশই একেবারে ইংরেজি অক্ষর ‘ইউ’র মতো বাঁকানো। কোথাও কোথাও সাপের মতো তিন-চারটি বাঁক এক সঙ্গে হওয়ায় যান চলাচল নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এ ছাড়া বাঁকগুলোর দুই পাশে দোকানপাট, দালান-কোঠা গড়ে ওঠায় বিপরীত দিক থেকে আসা গাড়ি দেখা যায় না। কাপ্তাই বাসচালক সমিতির সভাপতি শাহ আলম জানান, সড়কের রাউজান উপজেলার চুয়েট গেটের ২০০ মিটার আগে কাতাল শাহ পীরের মাজারের গেট বাঁকটি সবচেয়ে বিপজ্জনক। কাতাল শাহ পীরের মাজারের পাহাড়ের কারণে এটি সৃষ্টি হয়েছে। যান চলাচলের সময় বাঁকের এপার-ওপার কিছুই দেখেন না চালকেরা। ফলে এ স্থানে প্রায়ই যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। গত বছর শুধু এ বাঁকে ১১৯টি এবং চলতি বছরের গত চার মাসে ৪১টি দুর্ঘটনা ঘটেছে। রাঙ্গুনিয়া থানার এক পরিসংখানে দেখা গেছে, ২০০৯ সালের শুরু থেকে এ পর্যন্ত চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ২৭৯টি সড়ক দুর্ঘটনায় ৭১ জনের প্রাণহানি হয়েছে। পঙ্গু হয়েছে ২০০রও বেশি মানুষ। ১১৩টি যানবাহন দুমড়ে-মুচড়ে গেছে। ১৯৯০-২০০৮ সাল পর্যন্ত সড়কে দুই হাজার ৯০০টি সড়ক দুর্ঘটনায় এক হাজারেরও বেশি যাত্রী ও চালক মারা গেছেন। আহত হয়েছেন ছয় হাজারেরও বেশি মানুষ। আর এসব দুর্ঘটনার অধিকাংশই হয়েছে বাঁকগুলোয়। রাঙ্গুনিয়া উপজেলা যাত্রী কল্যাণ সমিতির সভাপতি আলি আহমদ জানান, সওজ সড়কের বাঁকগুলো সোজা করার উদ্যোগ নিতে পারত। এ ছাড়া বাঁকগুলোর দুই পাশ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে ও গাছপালাগুলো কেটে অবাধ যান চলাচলের সুযোগ তৈরি করে দিতে পারত। এমনকি গতিরোধক দিয়েও যান চলাচল নিয়ন্ত্রণ করা যায়। সওজ বিভাগের রাঙ্গুনিয়া কার্যালয়ের প্রকৌশলী আবুল কাশেম প্রথম আলোকে বলেন, সড়কে বাঁক থাকবে এটা তো স্বাভাবিক। যান চলাচলে সতর্ক হলে ও ট্রাফিক আইন মেনে গাড়ি চালালে দুর্ঘটনা তেমন হওয়ার কথা নয়। সওজের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী মো. জুলফিকার বলেন, অতিরিক্ত বাঁকগুলো সমান্তরাল করার উদ্যোগ নেওয়া হবে।