চট্টগ্রাম কারাগারে মায়ের অপরাধে বন্দী ৩৫ শিশু!
আবদুর রহিম (১০ মাস) ও আয়েশা আক্তার (আড়াই বছর) জানে না অপরাধ কী, আইন কী আর শাস্তিই বা কী। কিন্তু জন্মের পর থেকেই তারা বেড়ে উঠছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের চার দেয়ালের ভেতর। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মায়েদের সঙ্গে এ রকম প্রায় ৩৫টি শিশু বাস করে। এদের মায়েদের কেউ সাজাপ্রাপ্ত কয়েদি, আবার কেউ বিচারাধীন মামলার আসামি। মায়ের অপরাধের শাস্তিই যেন ভোগ করছে নিষ্পাপ শিশুরা। কারাগারে পূর্ণাঙ্গ কোনো দিবা পরিচর্যা কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) না থাকায় একটি কক্ষের ঘিঞ্জি পরিবেশে বেড়ে উঠছে এই শিশুরা।এ অবস্থা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বিরাট বাধা বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সভাপতি মো. নুরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘অনুকূল পরিবেশের অভাবে কারাগারে বেড়ে ওঠা শিশুদের ওপর মানসিক ও শারীরিকভাবে প্রতিকূল প্রভাব পড়ছে। যোগাযোগের দক্ষতা না থাকায় এসব শিশুরা পরে স্বাভাবিক পরিবেশে খাপ খাওয়াতে পারে না।’ নুরুল ইসলাম আরও বলেন, ‘এ ধরনের শিশুরা বিষণ্নতায় ভুগতে পারে। এর থেকে নিজেকে জখম করা কিংবা আত্মহত্যার প্রবণতাও জন্মাতে পারে। কারাগারে মা ও শিশুদের জন্য সুপরিসর আলাদা কক্ষ ও পূর্ণাঙ্গ দিবা পরিচর্যা কেন্দ্র প্রয়োজন।’ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, জেল কোড অনুসারে নবজাতক থেকে ছয় বছর বয়স পর্যন্ত শিশুরা মায়েদের সঙ্গে কারাগারে থাকতে পারে। গত বৃহস্পতিবার কারাগারে থাকা ৩০ জন নারী কয়েদির মধ্যে তিনজন আছেন তাঁদের শিশুসহ। এ ছাড়া ১২৯ জন নারী হাজতির মধ্যে ৩০ জন শিশুসহ কারাগারে আছেন।কারাগার সূত্র জানায়, পাঁচ মাস আগে সমাজসেবা অধিদপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান ‘অপরাজেয় বাংলাদেশ’ যৌথভাবে শিশুদের কক্ষে কিছু খেলনা দিয়েছে। শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য অপরাজেয় বাংলাদেশ একজন নারী কর্মী নিয়োগ দিয়েছে।বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কথা হয় শাশুড়ি হত্যা মামলায় সাত বছরের কারাদাণ্ড পাওয়া রুনা আকতারের (২৩) সঙ্গে। গ্রেপ্তারের সময় তাঁর সঙ্গে ছিল ১০ মাস বয়সী সন্তান আবদুর রহিম। এরপর দুই বছর আট মাস কেটে গেছে কারাগারেই। রুনা আকতার বলেন, ‘ঘটনার পর রহিমের বাবা আরেকটি বিয়ে করেছে। ওই ঘরে একটি ছেলেও আছে। এরপর সে আর যোগাযোগও রাখেনি।’সতিনের হত্যা মামলায় কারাগারে আছেন ফাতেমা বেগম (২৬)। আড়াই বছর আগে চার দিন বয়সী মেয়ে আয়েশাকে নিয়ে জেলে আসেন তিনি। একই মামলায় কারাগারে আছেন ফাতেমার স্বামী আবদুল বারেকও (৩০) । ফাতেমা বলেন, ‘নিষ্পাপ মেয়েটা জন্মের পর থেকে দুনিয়ার আলো দেখেনি। মামলা চালানোর সামর্থ্য নেই। মেয়েটা শুধু হাজিরার দিন বাবার দেখা পায়।’ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, ‘সরকারি বরাদ্দ না থাকায় বয়স্কদের বরাদ্দ থেকে একাংশ বাঁচিয়ে শিশুদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত নয়। একটি পূর্ণাঙ্গ দিবা পরিচর্যা কেন্দ্রের প্রস্তাবনা বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো সাড়া পাইনি।’