চট্টগ্রাম কারাগারে সাকা চৌধুরী
বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে গতকাল শনিবার বেলা তিনটায় চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে। দুটি মামলায় হাজিরা দিতে তাঁকে চট্টগ্রাম কারাগারে আনা হয় বলে জানা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এই মামলা দুটি করা হয়েছিল। দুটি মামলার মধ্যে একটিতে ৬ ফেব্রুয়ারি এবং অপরটিতে ১৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত আছে। উভয় মামলাই চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালতে অভিযোগ গঠনের অপেক্ষায় আছে।চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম জানান, দুটি মামলায় আদালতের নির্ধারিত দিনে অভিযোগ গঠন হলে এ মাসের মধ্যেই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার শুরুর সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, সাকা চৌধুরীকে গ্রেপ্তারের গুজব তুলে ২০১০ সালের ৭ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় বিএনপির নেতা-কর্মীরা অবরোধ সৃষ্টি করে দুই দফা গাড়ি ভাঙচুর করেন।এই ঘটনায় সীতাকুণ্ড থানায় সালাউদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীসহ অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়।সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া দুটি মামলায় গত ডিসেম্বর মাসে সাকা চৌধুরীসহ আটজনকে আসামি করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলা দুটি গত ২৩ জানুয়ারি বিচারিক হাকিম আদালত থেকে বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আসে। ওই দিনই জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া অভিযোগপত্র দুটি আমলে নেন এবং দুটি মামলায় অভিযোগ গঠনের জন্য পৃথক সময় নির্ধারণ করেন।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া বলেন, ‘সোমবার সালাউদ্দিন কাদের চৌধুরীকে একটি মামলায় আদালতে হাজির করা হবে। আগামীকাল (আজ) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্ধ থাকায় তাঁকে এক দিন আগেই চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে।’