চট্টগ্রাম কারাগারে হত্যা মামলার দুই আসামির ফাঁসি কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের অটোরিকশাচালক রেজাউল করিম ওরফে আজিজ খুনের ঘটনায় দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দুজনের ফাঁসি কার্যকর করা হয়। তাঁরা হলেন মোহাম্মদ শহীদুল্লাহ ও সাইফুল ইসলাম।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মাহাবুবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। গত মে মাসে আবেদনটি নামঞ্জুর হয়। তিনি বলেন, গত রাত ১২টা ১ মিনিটে শহীদুল্লাহ ও সাইফুলের ফাঁসি কার্যকর করা হয়েছে।

ফাঁসি কার্যকর হওয়া দুজনের বাড়ি মিরসরাই উপজেলায়। সাইফুলের বাবা কামাল উদ্দিন রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দুপুর ১২টার পর তাঁরা কারাগারে গিয়ে সাইফুলের সঙ্গে দেখা করেন। 

কারা সূত্র জানায়, ২০০৪ সালের ২০ মে ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালক রেজাউল করিম ওরফে আজিজের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ছোট ভাই মিয়াধন বাদী হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ শহীদুল্লাহ, সাইফুল ইসলাম ও মীর হোসেন নামের তিনজনকে গ্রেপ্তার করে। ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন শহীদুল্লাহ ও সাইফুল। পরের বছরের ২৯ নভেম্বর তৎকালীন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুর রহমান পাটোয়ারী এ মামলার রায় ঘোষণা করেন। রায়ের আদেশে শহীদুল্লাহ ও সাইফুলকে ফাঁসি এবং মীর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এ রায়ের বিরুদ্ধে কারাগারে আটক শহীদুল্লাহ ও সাইফুল হাইকোর্টে আপিল করেন। ২০১১ সালের ৩১ জানুয়ারি হাইকোর্টের আপিল বিভাগ নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রাখেন। এ আদেশের বিরুদ্ধে দুই আসামি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন। ২০১৩ সালের ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের হাইকোর্টের রায় বহাল রাখেন। পরের বছরের ২ ফেব্রুয়ারি আসামিরা মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। এটি নামঞ্জুর হওয়ার পর গতকাল রাতে তাঁদের ফাঁসি কার্যকর করা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ৪৬ জন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি রয়েছেন।