ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলার ২৬ আসামিকে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা গত দেড় মাস ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ছিলেন। ৬ মার্চ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।জেলা কারাগার থেকে জানা যায়, গত বছরের ২১ অক্টোবর উপজেলা সদরে দলীয় কোন্দলে খুন হন ইকবাল আজাদ। ঘটনার পরদিন তাঁর ছোট ভাই জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সহসভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার, যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ, সদর ইউপি আওয়ামী লীগের সম্পাদক ইসমত আলীসহ ২২ জন নে তা-কর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জন অজ্ঞাতপরিচয় নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দুই মাস পর পুলিশ এজাহারভুক্ত ২২ জনসহ ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে ২৬ জন নেতা-কর্মী কারাগারে রয়েছেন।মামলার আইনজীবী জয়নাল উদ্দিন ওই আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।