চট্টগ্রাম কারাগারের সেই ১১ হাজতি তিন দিনের রিমান্ডে
চট্টগ্রাম কারাগারে কারারক্ষী ও বিদেশি বন্দীকে জিম্মি করার ঘটনায় গতকাল সোমবার ১১ হাজতিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ১৮ এপ্রিল বিকেল সোয়া চারটায় কারাগারের একটি ওয়ার্ডের হাজতিরা কারারক্ষী ও বিদেশি বন্দীকে জিম্মি করে। এ ঘটনায় কর্তব্যরত এক কারারক্ষীর মৃত্যু হয়।নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, কারাগারের ১১ হাজতিকে সাত দিনের রিমান্ডে নিতে ২২ এপ্রিল আদালতে আবেদন করে কোতোয়ালি থানার পুলিশ। শুনানির পর মহানগর হাকিম ওসমান গনির আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই ১১ আসামি হলেন রাজু (২২), হযরত আলী (২০), জসিমউদ্দিন ওরফে বাদশা (২১), গিয়াসউদ্দিন (২২), জাহাঙ্গীর আলম (২০), মোহাম্মদ জুয়েল (২১), লিটু হোসেন ওরফে লোকমান হোসেন (২১), রানা চক্রবর্তী (২২), তোফায়েল আহমেদ (২০), শেখ মোহাম্মদ ওরফে সেবু (২২) ও সাজ্জাদ হোসেন ওরফে সুমন (১৮)।মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন বলেন, ‘আমরা কাল (মঙ্গলবার) ১১ আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করব।’