রাজনীতিবিদ, ব্যবসায়ী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রথম আলোর ১৭তম বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। চট্টগ্রাম নগরের পাঁচলাইশে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে গতকাল বুধবার শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে হাজির হন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও।
শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন ব্যক্তি প্রথম আলোর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে সত্য ও ন্যায়ের পক্ষে আগের মতোই প্রথম আলো বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
শুভেচ্ছা জানাতে আসা ব্যক্তিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মো. আবদুল হান্নান, যুবলীগ নেতা আবুল বশর, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের কার্ডিয়াক সার্জন সারওয়ার কামাল। এ ছাড়া মেরিডিয়ান গ্রুপ, সাউথ এশিয়ান কলেজ, সামাজিক সংগঠন প্রয়াস, প্রজন্ম মিরসরাইয়ের পক্ষেও শুভেচ্ছা জানানো হয়।