চট্টগ্রাম কাস্টম হাউস পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন গতকাল বুধবার আকস্মিকভাবে চট্টগ্রাম শুল্ক ভবন পরিদর্শন করেছেন।গতকাল সকাল নয়টায় এনবিআরের সদস্য (শুল্ক ও ভ্যাট) হোসাইন আহমেদকে নিয়ে গোলাম হোসেন শুল্ক ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এরপর তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। বৈঠকে গোলাম হোসেন রাজস্ব আয় বাড়াতে কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন। গোলাম হোসেন সাংবাদিকদের বলেন, ‘রাজস্ব আদায়কারী বড় প্রতিষ্ঠান হিসেবে এই কাস্টম হাউসের গুরুত্ব বেশি। তাই এই কাস্টম হাউসের কাজ, সেবার মান, কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের দায়িত্ব পালন করেছেন কি না, তা দেখতে নোটিশ ছাড়াই এখানে এসেছি।’ তিনি বলেন, ‘নোটিশ ছাড়াই এসে দেখলাম, সবাই সঠিক সময়ে অফিসে এসেছেন।’ এর আগে মতবিনিময় সভায় গোলাম হোসেন বলেন, ‘প্রাক-জাহাজীকরণ পরিদর্শন প্রথা উঠে যাচ্ছে কয়েক দিন পর। কিন্তু আমি উদ্বিগ্ন আমাদের প্রস্তুতি নিয়ে।’ গত ২৫ অক্টোবর এনবিআরের চেয়ারম্যান পদে যোগদান করেন গোলাম হোসেন। তিনি নাসির উদ্দীন আহমেদের স্থলাভিষিক্ত হন।