চট্টগ্রাম কাস্টম হাউসের শুল্কায়ন কক্ষে ঢুকতে বাধা দেওয়ার জের ধরে গতকাল রোববার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারীরা বিক্ষোভ করেছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, শুল্কায়ন কক্ষে দলিলপত্র যাচাই করে আমদানি পণ্যের শুল্ক-কর নির্ধারণ করেন কাস্টম হাউসের কর্মকর্তারা। এত দিন এসব কক্ষে পণ্য খালাসকারী সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারীরা প্রবেশ করতে পারতেন। কিন্তু এতে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় গতকাল থেকে কর্মচারীদের এসব কক্ষে ঢুকতে দেওয়া হয়নি, বরং কক্ষের বাইরে কাউন্টার দিয়ে দলিলপত্র জমা নেওয়ার নতুন বিধান চালু হয়। এতে শুল্কায়নে বেশি সময় লাগার অভিযোগে কর্মচারীরা বাইরে এসে বিক্ষোভ মিছিল করেন। বেলা ১১টা থেকে প্রায় চার ঘণ্টা তাঁরা বিক্ষোভ করেন।এই পরিস্থিতিতে দুপুরে সিঅ্যান্ডএফ এজেন্টস আসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কাস্টম হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের পরিচয়পত্র ছাড়া শুল্কায়ন কক্ষে কেউ ঢুকতে পারবেন না। এ ছাড়া প্রতি সপ্তাহে একবার সিঅ্যান্ডএফ এজেন্টস ও কর্মচারী ইউনিয়নের নেতাদের সঙ্গে বসে উদ্ভূত সমস্যার সমাধান করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বেলা তিনটা থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়।চট্টগ্রাম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কাশেম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিনের হয়রানির কারণে মূলত এই বিক্ষোভ হয়েছে। আমদানি পণ্যের সর্বোচ্চ মূল্যের ওপর শুল্ক-কর নির্ধারণ, কাস্টম হাউসের নিচের স্তরে ফাইল অনুমোদনে সময়ক্ষেপণ—এসব কারণে কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মতিউর রহমান বলেন, শুল্কায়ন-সংক্রান্ত বিষয়ে কেউ হয়রানির শিকার হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ জানাতে পারেন। কিন্তু সমস্যার কথা না জানিয়ে এভাবে বিক্ষোভ করা উচিত হয়নি।শুল্কায়ন প্রক্রিয়ায় বিলম্বের অভিযোগ প্রসঙ্গে মতিউর রহমান বলেন, শুল্ক-কর নির্ধারণ হওয়ার পরও অনেক আমদানি চালানের বিপরীতে শুল্ক-কর জমা দেওয়া হয়নি। এখন পর্যন্ত এ রকম প্রায় দুই হাজার ৪০০ আমদানি চালান পড়ে আছে, যেগুলোতে সরকারের এক হাজার কোটি টাকার রাজস্ব আটকে আছে।প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যের শুল্ক-কর আদায় করে কাস্টম হাউস। প্রতি কার্যদিবসে গড়ে এই কাস্টম হাউস ৮০ থেকে ৮৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়ে থাকে।