চট্টগ্রাম কাস্টম হাউসে বিক্ষোভ
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের একজন নেতাকে এক লাখ টাকা জরিমানা করার জের ধরে গতকাল বৃহস্পতিবারও মিছিল-সমাবেশে করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। এ জরিমানা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে আগামী রোববার থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মবিরতি পালনের জন্য প্রচার কার্যক্রম চালাচ্ছেন তাঁরা। গতকাল বেলা ১১টার দিকে কাস্টম হাউস চত্বরে মিছিল-সমাবেশ করেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরা। মিছিলটি কাস্টম হাউস থেকে বের হয়ে নগরের আগ্রাবাদে শেষ হয়। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে শুল্ক ফাঁকির বিরুদ্ধে কাস্টম হাউসের কর্মকর্তা, আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন কমিশনার মারুফুল ইসলাম। এ কঠোর ব্যবস্থা নেওয়ায় সাম্প্রতিক সময়ে সিঅ্যান্ডএফ এজেন্টরা ক্ষুব্ধ হন কাস্টম হাউসের কমিশনারের ওপর। গত ৭ আগস্ট সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের একজন নেতাকে জরিমানার জের ধরে কমিশনারকে বদলির জন্য লাগাতার আন্দোলন শুরু করেন তাঁরা।