সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক নেতাকে এক লাখ টাকা জরিমানা করার জের ধরে চট্টগ্রাম কাস্টম হাউসে গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশ করেছেন সংগঠনের সদস্যরা। সমাবেশ থেকে সংগঠনের নেতারা এই জরিমানা প্রত্যাহারসহ ছয় দফা বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় আগামী রোববার থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মবিরতি পালন করার ঘোষণা দেন তাঁরা। কাস্টম হাউস সূত্র জানায়, রাজস্ব কর্মকর্তা আবুল কালামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আশরাফুল হক খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। গত ৭ আগস্ট কাস্টম হাউসের যুগ্ম কমিশনার ও লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান এ আদেশ জারি করেন। আদেশে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল বেলা ১১টা থেকে একটা পর্যন্ত দুই ঘণ্টা চট্টগ্রাম কাস্টম হাউস চত্বরে সংগঠনের পক্ষ থেকে এই সমাবেশ করা হয়। এতে চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন সভাপতিত্ব করেন।সমাবেশে এক লাখ টাকা জরিমানার আদেশ প্রত্যাহার, কাস্টম হাউস ব্যবহারকারীদের প্রতি রাজস্ব কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণ বন্ধ, দ্রুত কায়িক পরীক্ষা করে সঠিক প্রতিবেদন দাখিল, আইন ভেঙে অতিরিক্ত শুল্ক আদায় বন্ধ, গত ৩ এপ্রিল ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্ত কার্যকর করার দাবি জানানো হয়।এ ব্যাপারে কাস্টম হাউসের কমিশনার মারুফুল ইসলাম বলেন, তাঁর সময়ে আইন ভঙ্গের একটি ঘটনাও ঘটেনি। অনিয়মের বিরুদ্ধে নমনীয় মনোভাব প্রদর্শন করা হয়নি। বরং অনিয়মের সঙ্গে জড়িত কাস্টম হাউসের কর্মকর্তা, সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।