সার্ভারে সমস্যার কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য শুল্কায়ন-প্রক্রিয়ায় সমস্যা দেখা দেয়। এ কারণে গতকাল সোমবার দিনভর আমদানি পণ্য খালাসের প্রক্রিয়ার নানা ধাপে ব্যাঘাত ঘটে। চট্টগ্রাম কাস্টম হাউসে পণ্য শুল্কায়নের কার্যক্রম অনলাইনে হয়।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসি-য়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বলেন, সার্ভারে সমস্যার কারণে অনলাইনে একটি বিল অব এন্ট্রি (আমদানি পণ্য চালান) দাখিল করতে গতকাল এক ঘণ্টারও বেশি সময় ব্যয় করতে হয়েছে। আবার শুল্ককর পরিশোধের পর ছাড়পত্র পেতেও দীর্ঘ সময় লেগেছে।
আমদানিকারকের পক্ষে পণ্য শুল্কায়নে নিয়োজিত কয়েকজন সিঅ্যান্ডএফ এজেন্ট জানান, গত রোববারও সার্ভারে সমস্যার কারণে ভোগান্তি পোহাতে হয়েছে।
তবে চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, সার্ভার সচল রয়েছে। ইন্টারনেট সংযোগে ধীরগতির কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। যতটুকু সমস্যা হয়েছে, তা পুষিয়ে নিতে গতকাল নির্ধারিত সময়ের পরও কাস্টম হাউসে আরও প্রায় দেড় ঘণ্টা কাজ হয়েছে।