চট্টগ্রাম কাস্টমসের স্পর্শকাতর নথি পোশাক কারখানায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কাস্টমসের গুরুত্বপূর্ণ ৬৫টি নথি উদ্ধার করা হয়েছে একটি পোশাক কারাখানা থেকে। গত মঙ্গলবার চট্টগ্রাম নগরের নয়াবাজার এলাকার ‘আল আমিন মেরিটাইম ইন্টারন্যাশনাল অ্যাপারেলস ফ্যাশন’ নামের একটি কারখানা থেকে এসব নথি উদ্ধার করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। নথিগুলো কারখানামালিকের কক্ষে ছিল। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। কমিটির প্রধান করা হয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানকে। এ কমিটি চট্টগ্রামে এসে শিগগিরই কাজ শুরু করবে বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা।
শুল্ক গোয়েন্দারা জানান, অভিযানে ওই কক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানিসংক্রান্ত স্পর্শকাতর নথি পাওয়া গেছে। এর মধ্যে ২০টি নথি ব্যাংক গ্যারান্টি-সংক্রান্ত, ৪০টি নথি বিচারাধীন মামলাসংক্রান্ত। তাঁরা বলেন, আমদানি পণ্য শুল্কায়নে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হলে আমদানিকারক ব্যাংক গ্যারান্টি দিয়ে পণ্য খালাস করেন। এসব ব্যাংক গ্যারান্টি থাকার কথা কাস্টম হাউসে। একইভাবে শুল্কায়ন-সংক্রান্ত বিচারাধীন মামলায় কাস্টমস নথিও কাস্টম হাউসে সংরক্ষণ করার কথা।
নাম প্রকাশ না করার শর্তে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের একজন নেতা প্রথম আলোকে বলেন, কাস্টম হাউসে অবস্থানরত বহিরাগত ব্যক্তিরা (ফালতু হিসেবে পরিচিত) প্রায়ই গুরুত্বপূর্ণ ফাইল আনা-নেওয়া করেন। কর্মকর্তাদের যোগসাজশে বা বহিরাগত ব্যক্তিদের তৎপরতায় এসব ফাইল বাইরে চলে যেতে পারে।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, দুটি প্রতিষ্ঠানের রাজস্ব ফাঁকির অভিযোগের বিষয়ে তদন্ত করতে কাস্টম হাউসে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়নি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল এনে বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগে আল আমিন মেরিটাইম ইন্টারন্যাশনাল অ্যাপারেলস ফ্যাশনে মঙ্গলবার অভিযান চালানো হয়। অভিযানে যে ৬৫টি নথি উদ্ধার করা হয়েছে, এগুলো মূল নথি। এসব নথিতে রাজস্ব কর্মকর্তা ও সহকারী কমিশনার থেকে কাস্টমস কমিশনারের সই রয়েছে। তিনি বলেন, এসব নথি কীভাবে কারখানামালিকের অফিসে গেল, তার কোনো জবাব দিতে পারেননি কারখানামালিক মো. আল আমিন।
মইনুল খান বলেন, যেসব নথি পাওয়া গেছে, সেগুলো চূড়ান্তভাবে যাচাই-বাছাই করা হবে। প্রয়োজনে ব্যাংকে গিয়ে ব্যাংক গ্যারান্টিও যাচাই করা হবে। এসব নথি রাষ্ট্রের সম্পদ।
এ বিষয়ে কারখানামালিক মো. আল আমিনের বক্তব্য পাওয়া যায়নি।
নথি উদ্ধারের বিষয়ে চট্টগ্রাম কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খানের বক্তব্য জানতে গতকাল রাতে মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা যায়নি।
তবে কাস্টমসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, উদ্ধার করা নথি সম্পর্কে কাস্টমস কর্তৃপক্ষকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরকে চিঠি দিয়ে এসব নথি সম্পর্কে জানতে চাওয়া হবে।