চট্টগ্রাম-কুনমিং সড়ক নির্মাণে মিয়ানমারের সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত ত্রিদেশীয় সড়ক নির্মাণে সম্মতি দিয়েছে মিয়ানমার। চীনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলে সামরিক জান্তা শাসিত দেশটি ত্রিদেশীয় সড়ক যোগাযোগ প্রতিষ্ঠায় নীতিগতভাবে সম্মতি জানায়। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানয়ির বরাত দিয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। এ ছাড়া চট্টগ্রামের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীন বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে বলেও প্রতিমন্ত্রী জানান। চীনের রাষ্ট্রদূত গতকাল প্রতিমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ঝ্যাং জিয়ানয়ি আগামী ৪ থেকে ৯ অক্টোবর চীনে অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বৈশ্বিক আলোচনায় অংশ নিতে পরিবেশ প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। ত্রিদেশীয় সড়ক নির্মাণ প্রসঙ্গে হাছান মাহমুদ জানান, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত মহাসড়ক নির্মাণে মিয়ানমারের আপত্তি থাকলেও চীনের আনুষ্ঠানিক প্রস্তাবে মিয়ানমার সম্মত হয়েছে। এ ছাড়া গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীন বাংলাদেশকে সর্বতোভাবে সহযোগিতা করবে। এ ব্যাপারে চীন প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ শুরু করেছে বলেও চীনের রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে জানান।