চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পানিসংকটে হাজারো বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১০ দিন ধরে পানি পাচ্ছেন না বন্দীরা। পানির পাম্প নষ্ট হওয়ায় হাজারো বন্দীকে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংকট নিরসনের জন্য কারা কর্তৃপক্ষ ওয়াসাকে চিঠি দিলেও সুরাহা হচ্ছে না।
কারাগারের পদ্মা ভবনের নয় নম্বর ওয়ার্ডের হাজতি মো. ফারুক গত সোমবার আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘পানি না থাকায় ১০ দিন ধরে গোসল করতে পারিনি। খাবারও পাচ্ছি দেরিতে। টয়লেট সারছি টিস্যু দিয়ে। পানি নিয়ে বন্দীদের মধ্যে ছোটখাটো হাতাহাতির ঘটনাও ঘটছে।’ একই কথা বললেন, আদালতে হাজিরা দিতে আসা মহানগর ও জেলা হাজতখানার কয়েকজন আসামি।
এদিকে কারাগারে বর্তমানে ২০ দুর্ধর্ষ বন্দী, ১৭ জেএমবি নেতা, ১১ ফাঁসির আসামি এবং ৫০০ জামায়াত-শিবির নেতা-কর্মী রয়েছেন। ঠুনকো যেকোনো অজুহাতে তারা কারাগারে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালানোর অপেক্ষায় রয়েছেন। এ কারণে কারাগারে বন্দীদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, দুটি পানির পাম্প ১০ দিন ধরে নষ্ট থাকায় বিকল্প ব্যবস্থায় বাইরে থেকে পানি এনে বন্দীদের খাবারদাবার ও রান্নার কাজ সারা হচ্ছে। গোসলসহ প্রয়োজনীয় পানি না পাওয়ায় বন্দীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ জন্য কারাগারের প্রতিটি ওয়ার্ডে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, পাম্পগুলো মেরামত করতে ওয়াসাকে চিঠি দেওয়া হয়েছে।
কারা সূত্র ও বন্দীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারাগারের চার হাজার ৮০০ বন্দী এবং ৪৫০ কর্মকর্তা-কর্মচারী পানির সংকটে ভুগছেন। প্রতিদিন বন্দীদের দুই বেলা খাবার ও ইফতার পরিবেশন করা হয়। এ জন্য কারাগারে ৩০টি চৌকা (রান্নার চুলা) রয়েছে। রান্নাসহ যাবতীয় কাজে বন্দীদের পানির প্রয়োজন। কিন্তু গত ২২ জুন থেকে দুটি পানির পাম্পই নষ্ট হয়ে আছে। ফলে চাহিদামতো পানি পাচ্ছেন না বন্দীরা। কারা কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থায় অন্য একটি পাম্পের সাহায্যে পানি এনে চাহিদা মেটানোর চেষ্টা করছে। এ ছাড়া ওয়াসা থেকেও পানি কেনা হচ্ছে। তাও রান্না ও টয়লেটের প্রয়োজন সারতে। কারাগারে ধারণক্ষমতা রয়েছে তিন হাজার বন্দীর। বেশি বন্দী হওয়ায় এক ওয়ার্ডে গাদাগাদি করে থাকতে হচ্ছে অনেক বন্দীকে। গোসল সারতে না পারায় গরমে বন্দীরা দিশেহারা হয়ে পড়েছেন বলে একাধিক বন্দী জানান।
জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী তপন দাশ প্রথম আলোকে বলেন, পুরোনো হওয়ার কারণে বালি উঠছে। পানিও উঠছে কম। নতুন পাম্প বসানোরও চেষ্টা চলছে। পাম্প ও টিউবওয়েল মেরামাতের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে। কারাগারের প্রয়োজনমতো পানি গাড়ি দিয়ে সরবরাহ করা হচ্ছে।