চট্টগ্রাম ক্লাবে জাতীয় স্নুকার প্রতিযোগিতার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ক্লাবে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৩০তম জাতীয় স্নুকার প্রতিযোগিতা। এতে নয়টি ক্লাবের ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। চট্টগ্রাম ক্লাবে জাতীয় স্নুকারের এটি তৃতীয় আয়োজন। 
গতকাল বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। উদ্বোধনের আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম ক্লাবের স্নুকার অ্যান্ড পুলের মেম্বার ইনচার্জ নূরুদ্দীন জাভেদ। এতে বলা হয়, বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন তৃতীয়বারের মতো চট্টগ্রাম ক্লাব লিমিটেডকে জাতীয় স্নুকার আয়োজনের দায়িত্ব দিয়েছে। এবারের প্রতিযোগিতায় চট্টগ্রাম ক্লাব, ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, কুমিল্লা ক্লাব, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার, ন্যাশনাল বিলিয়ার্ড একাডেমি ও ক্যাথলিক ক্লাবের ৭০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
প্রতিযোগিতার বিজয়ীকে অর্থ পুরস্কার দেওয়া হবে ৫০ হাজার টাকা। এ ছাড়া রানারআপ ৩০ হাজার টাকা ও হাইয়েস্ট ব্রেকে নগদ ২০ হাজার টাকা পুরস্কার থাকছে।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম বলেন, ‘জাতীয় পর্যায়ের এই ইভেন্টটি আমরা সফলভাবে শেষ করতে চাই। তৃতীয়বারের মতো এই আয়োজনটি আমরা করতে পেরে গর্বিত। এটি আমাদের জন্য একটি মাইলফলক।’
সংবাদ সম্মেলনে বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব, চট্টগ্রাম ক্লাবের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজিক করিম, নির্বাহী সদস্য আশিক ইমরান, রাহাত বিন আসাদ, সৈয়দ আহসানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।