চট্টগ্রাম ক্লাবে মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আজ থেকে মালয়েশিয়ায় স্বাস্থ্যসেবাবিষয়ক দুই দিনব্যাপী মেলা শুরু হচ্ছে। চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠেয় এ মেলায় মালয়েশিয়ার ১০টি হাসপাতাল অংশ নিচ্ছে।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএইচটিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি ওয়ং লাই লিন। আজ শুক্রবার ও কাল শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ মেলা চলবে। মালয়েশিয়া হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এবং চট্টগ্রাম ক্লাব যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় চিকিৎসাসেবাবিষয়ক সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হবে। মেলায় অংশ নেবে মালয়েশিয়ার পেনাং অ্যাডভেনটিস্ট হাসপাতাল, সিমে ডারবি হেলথকেয়ার, সানওয়ে মেডিকেল সেন্টার, ট্রপিকানা মেডিকেল সেন্টার, আইজিএন, গ্ল্যানেগলেস কুয়ালালামপুর, পিন্স কোর্ট মেডিকেল স্টোর, পানতাই, গ্লোবাল ডক্টরস ও এনসিআই নামের ১০টি হাসপাতাল। সংবাদ সম্মেলনে মেরি ওয়ং লাই লিন বলেন, ‘পৃথিবীর মানুষের শীর্ষ ১০ চিকিৎসা-গন্তব্যের মধ্যে মালয়েশিয়ার অবস্থান চতুর্থ। চিকিৎসা-পর্যটন মালয়েশিয়া সরকারের একটি উদ্যোগ। সরকারি সংস্থা হিসেবে এমএইচটিসি মালয়েশিয়ায় চিকিৎসাসেবার সুযোগ সম্পর্কে চট্টগ্রামবাসীকে অবহিত করতে চায়।’সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে দেশি-বিদেশি রোগীদের জন্য চিকিৎসার খরচ একই। পাশাপাশি চট্টগ্রাম থেকে মালয়েশিয়ায় সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে সে দেশের বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনারও আশ্বাস দেন মেরি ওয়ং। আজ বেলা তিনটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। মেলা চলাকালে অর্থোপেডিক, কার্ডিওলজি, ক্যানসার ও সাধারণ রোগের বিষয়ে চিকিৎসা দেবেন চারজন মালয়েশিয়ান চিকিৎসক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি এস এম আবু তৈয়ব, মালয়েশিয়া হেলথকেয়ার সার্ভিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শঙ্কর চন্দ্র পোদ্দার, পাংতাই হার্ট সেন্টারের চিকিৎসক বেনু গোপাল বালাচান্দ ও পেনাং অ্যাডভেনটিস্ট হাসপাতালের চিকিৎসক মুরুগান এ এল পেরি স্বামী।