চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ ঐক্যবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের রায় এবং ছয় দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত সমাবেশ থেকে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের নেতারা ও সংগঠকেরা এ ঘোষণা দেন।
সমাবেশে বক্তারা বলেন, সব যুদ্ধাপরাধীর বিচার শেষ ও রায় কার্যকর না হওয়া পর্যন্ত চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের আন্দোলন অব্যাহত থাকবে। চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ। যত দিন বিচার শেষ হবে না, তত দিন তাঁরা ঘরে ফিরে যাবেন না।
বক্তারা বলেন, গণজাগরণ মঞ্চ নিয়ে কোনো ধরনের ভুল-বোঝাবুঝির অবকাশ নেই। মঞ্চে বিভেদ তৈরির জন্য চক্রান্ত হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের সদস্যসচিব ডা. চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, মঞ্চের সংগঠক আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, ছাত্র ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন, ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল, ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়। সমাবেশে সংহতি প্রকাশ করে খেলাঘর, উদীচী, প্রমা ও সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগসহ বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠন।