চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের নেতা-কর্মীরা।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরের চেরাগী পাহাড় মোড় থেকে আনন্দ মিছিলটি বের হয়। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম শহীদ মিনারে গিয়ে সেটি শেষ হয়। পরে পুষ্পস্তবক অর্পণের পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে ফাঁসির রায় কার্যকর হওয়ার পর চেরাগী পাহাড় মোড়ে মিছিল করে গণজাগরণ মঞ্চ।
আজকের সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে মাতৃভূমিকে কলঙ্কমুক্ত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা যেন অব্যাহত থাকে। মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত নিষ্ঠুর হত্যাযজ্ঞের সঙ্গে মানবতাবিরোধী অপরাধীদের বিচার কার্যক্রম থেকে শুরু করে রায় বাস্তবায়ন করার কাজটি সহজ ছিল না।
সমাবেশে বক্তারা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান ও সদস্যসচিব চন্দন দাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সাক্ষী কাজী নুরুল আবছার, ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শিমুল বৈষ্ণব, ছাত্র ফ্রন্টের নগর কমিটির সভাপতি আল কাদেরী জয় প্রমুখ।