চট্টগ্রাম গণহত্যা মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ মহিউদ্দিনের

চট্টগ্রাম গণহত্যা মামলা দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম আদালত ভবনের পাশে স্মৃতিস্তম্ভ চত্বরের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গতকাল সকাল সাড়ে ১০টায় মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন তিনি। সেখানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহম্মদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।
সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘তৎকালীন পুলিশ কমিশনার রকিবুল হুদার নির্দেশে গণহত্যা চালানো হয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এই মামলা নিষ্পত্তি হয়নি। মামলাটি দ্রুত নিষ্পত্তি করে রকিবুল হুদার ফাঁসির ব্যবস্থা করা হোক।’
মোছলেমউদ্দিন আহম্মদ বলেন, গণহত্যার দিন অনেকে পঙ্গু হয়েছেন। তাঁরা অনেকে মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের পুনর্বাসন করতে হবে। ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি লালদীঘি ময়দানে শেখ হাসিনার সমাবেশ বানচাল করতে গুলি চালায় পুলিশ। এ ঘটনায় ২৪ জন নেতা-কর্মী নিহত হন।
গতকাল স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইনজীবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। তাঁরাও মামলাটি দ্রুত নিষ্পত্তির দাবি জানান।