চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘পূর্ণিমা’ মারা গেছে
চট্টগ্রাম চিড়িয়াখানার একমাত্র বাঘ ‘পূর্ণিমা’ আর নেই। দীর্ঘদিন সঙ্গীহীন অবস্থায় থেকে বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার সকালে খাঁচার ভেতর এর মৃত্যু হয়েছে। পূর্ণিমা ক্যানসারেও ভুগছিল বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল সকালে চিড়িয়াখানায় গিয়ে দেখা গেছে, পূর্ণিমার মৃতদেহ একটি স্টোররুমের বারান্দায় রাখা হয়েছে। বাঘটি রয়েল বেঙ্গল টাইগার প্রজাতির বলে জানা গেছে। চিড়িয়াখানার ভেটেরিনারি কর্মকর্তা ও কিউরেটর মঞ্জুর মোরশোদ প্রথম আলোকে বলেন, ২০০৯ সালে পূর্ণিমার ক্যানসার ধরা পড়ে। সপ্তাহ খানেক ধরে পূর্ণিমার অবস্থার অবনতি হলে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়। কিন্তু এটিকে আর বাঁচানো যায়নি। জানা গেছে, ২০০৩ সালের জুন মাসে ঢাকা চিড়িয়াখানা থেকে পূর্ণিমা ও চন্দ্র নামে দুটি বাঘকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। ২০০৬ সালে পুরুষ বাঘটি (চন্দ্র) অন্ত্রে জটিল রোগের কারণে মারা যায়।মঞ্জুর মোরশেদ জানান, শিগগিরই চিড়িয়াখানায় নতুন বাঘ নিয়ে আসার ব্যাপারে পাকিস্তানের একটি বাঘের খামার, অন্যান্য পশুপাখির জন্য ঢাকা চিড়িয়াখানা এবং বঙ্গবন্ধু সাফারি পার্কের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।