চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজার সময় জানমালের নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিন দফা সুপারিশ করেছেন।
গতকাল শনিবার এক বিবৃতির মাধ্যমে তিনি এসব সুপারিশ তুলে ধরেন। বিবৃতিতে বলা হয়, পূজা ও ঈদ সামনে রেখে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বেচাকেনা ও লেনদেন বহু গুণ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া কোরবানির পশুর হাটে এবং ঈদের পরে চামড়া ব্যবসায় প্রচুর পরিমাণ টাকা লেনদেন হবে। এ প্রেক্ষাপটে তিনি সর্বস্তরের ব্যবসায়ী ও জনগণের জানমালের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাবলয় তৈরির সুপারিশ করেন। পূজা ও ঈদের আগে-পরে কয়েক দিন শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন বিপণীকেন্দ্র ও অফিস-আদালত দীর্ঘদিন বন্ধ থাকবে। এ সময় উপর্যুক্ত নিরাপত্তাবলয় বহাল রাখা এবং ঘরমুখী মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌপথে পর্যাপ্ত হাইওয়ে-রেলওয়ে পুলিশ এবং কোস্টগার্ড নিয়োগ করার সুপারিশ করেন।