চট্টগ্রাম চেম্বার সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সম্পর্কে ‘কটূক্তি’ করার অভিযোগে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোরশেদ মুরাদের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম লুৎফুল মজিদ নয়নের আদালতে মামলাটি করেন মো. তসলিম উদ্দিন নামের এক আইনজীবী। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম নগর শাখার সদস্য। আদালত অভিযোগটি আমলে নিয়ে ঘটনা তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোরশেদ মুরাদ নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অন্যায়ভাবে মানহানিকর বক্তব্য দিয়েছেন। তাই দণ্ডবিধির ৫০০ ধারা অনুসারে বাদী ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন।’হাবিবুর রহমান আরও বলেন, ‘মোরশেদ মুরাদ বলেছেন, মহিউদ্দিন চৌধুরী চরম দৈন্যদশা থেকে বিশাল সম্পদের মালিক হয়েছেন। ব্যবসায়ী না হয়েও প্রতিদিন মহিউদ্দিন হাজার লোককে মেজবান খাওয়ান। মহিউদ্দিনের আয়ের উৎস নিয়েও প্রশ্ন তোলেন চেম্বার সভাপতি। এসব বক্তব্য ২৩ সেপ্টেম্বর স্থানীয় দৈনিক পূর্বকোণসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।’মামলার বাদী তসলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বন্দর রক্ষায় পরিষদ গঠন করায় এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী আসামির (মোরশেদ মুরাদ) পক্ষে কাজ না করে আফছারুল আমীনের পক্ষে কাজ করায় মানহানিকর এসব উক্তি করা হয়েছে।’উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) বেসরকারি অপারেটর নিয়োগের দরপত্র প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে বন্দর রক্ষা পরিষদের ব্যানারে আন্দোলন শুরু করেন মহিউদ্দিন চৌধুরী। এর বিপক্ষে অবস্থান নেন বন্দর এলাকার আওয়ামী লীগদলীয় সাংসদ এম এ লতিফ। একপর্যায়ে কেন্দ্রীয় ক্রয়-সংক্রান্ত কারিগরি ইউনিটের গঠন করা একটি রিভিউ প্যানেল এই দরপত্র প্রক্রিয়া বাতিলের আদেশ দেয়। এরপর ২২ সেপ্টেম্বর গণমাধ্যম কার্যালয়ে পাঠানো এক বিবৃতিতে চেম্বার সভাপতি ও বন্দর ব্যবহারকারী ফোরামের চেয়ারম্যান মোরশেদ মুরাদ বন্দর বিষয়ে মহিউদ্দিন চৌধুরীর আন্দোলন ও তাঁর আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলেন।