চট্টগ্রাম চেম্বার সভাপতির সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশে পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপনের বিষয়টি দক্ষিণ আফ্রিকা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে জানিয়েছেন সে দেশের হাইকমিশনার জিওফ ডয়েজ। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা করেন। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে কয়লাভিত্তিক পরিবেশবান্ধব বিদ্যুৎকেন্দ্র স্থাপনসহ এ খাতের উন্নয়নে তাঁর দেশের অভিজ্ঞতা ও প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান হাইকমিশনার। দক্ষিণ আফ্রিকায় প্রায় আড়াই লাখ বাংলাদেশি কাজ করার বিষয়টি উল্লেখ করে দুদেশের মধ্যে সরাসরি ব্যাংকিং চ্যানেল চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎ অনুষ্ঠানে চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম, পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল সোলায়মান শেঠ প্রমুখ উপস্থিত ছিলেন।