চট্টগ্রাম চেম্বারের নির্বাচন আজ
আলোচিত চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। বিকল্প প্রতিনিধি প্রথা বাদ দিয়ে এবারই প্রথম স্থানীয় ব্যবসায়ীরা সরাসরি পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করছেন।নির্বাচন নিয়ে উচ্চ আদালতে মামলা এবং পাল্টা মামলা হয়েছে। সুপ্রিম কোর্টের সর্বশেষ আদেশে ৩১ মার্চের মধ্যে নির্বাচন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বারের নতুন ভবনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে। নির্বাচনে চেম্বারের বর্তমান সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের নেতৃত্বাধীন মোরশেদ-ছালাম ঐক্য পরিষদের সঙ্গে মাহবুব-সেলিম পরিষদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগের নির্বাচনগুলোতে ব্যবসায়ীদের অনুপস্থিতিতে বিকল্প প্রতিনিধিরা (অলটারনেট নমিনি) পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসছিলেন। এতে ব্যবসায়ীদের প্রকৃত মতামতে প্রতিফলন ঘটত না বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে মোরশেদ-ছালাম ঐক্য পরিষদ আইনের আশ্রয় নেয়। তারা সরাসরি ভোট দেওয়ার দাবি তোলে। আদালত তাদের আরজি আমলে নিয়ে বিকল্প প্রতিনিধি প্রথা বাদ দেন।