চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে নাটকীয় মোড়!
চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে পাল্টে গেছে চিত্র। সাংসদ এম এ লতিফ এবং চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ আলাদা প্যানেল ঘোষণা করেছেন।গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ঘটল এ ঘটনা। এম এ লতিফ মনোনয়নপত্র প্রত্যাহার করলেও তাঁর সমর্থিত প্রার্থীরা এখন পরিচালক পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ব্যবসায়ী সূত্র জানায়, সাংসদ এম এ লতিফ চেম্বারের নির্বাচনে পরিচালক পদে মনোনয়ন জমা দেওয়ার পর তাঁরই ঘনিষ্ঠ মোরশেদ মুরাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। লতিফ শুধু পরিচালক হিসেবে থাকতে চাইলেও মোরশেদ মুরাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। কারণ, এম এ লতিফ পরিচালক থেকে সভাপতি হতে চাইতে পারেন। সে ক্ষেত্রে মোরশেদ মুরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে তাঁর।বিষয়টি নিয়ে সমঝোতা করতে গত শুক্রবার চট্টগ্রামের একজন ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে দুই পক্ষের মধ্যে বৈঠকও হয়। বৈঠকে এম এ লতিফ মনোনয়নপত্র প্রত্যাহারের আশ্বাসও দেন। কিন্তু লিখিত কোনো অঙ্গীকার না করায় এম এ লতিফের এই আশ্বাসে আস্থা রাখতে পারেননি মোরশেদ মুরাদ। এ কারণে গত শনিবার রাতে মোরশেদ মুরাদসহ কয়েকজন ব্যবসায়ী নেতা মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করেন। মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করার পরই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন হয়। শনিবার রাতেই মোরশেদ মুরাদ নির্বাচনে আলাদা প্যানেল ঘোষণা করেন। লতিফ মনোনয়নপত্র প্রত্যাহার করলেও তিনি আলাদা প্যানেল দেন।এ বিষয়ে জানতে চাইলে মোরশেদ মুরাদ বলেন, ‘ওই সময় ওনার (এম এ লতিফ) কারণেই মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে শনিবার রাতে তাঁর সঙ্গে দেখা করে আমি বিস্তারিত বলেছি।’ মুরাদ বলেন, ‘১৬ বছর ধরে চট্টগ্রাম চেম্বার একজনের (এম এ লতিফ) হাতে জিম্মি ছিল। এবার এটি ভেঙে দেব।’তবে সাংসদ এম এ লতিফ প্রথম আলোকে বলেন, গত শনিবার সকাল থেকে মোরশেদ মুরাদ বেঁকে বসেন। আস্থার সংকটের কারণে এই অবস্থা হয়েছে। কারও (মহিউদ্দিন চৌধুরী) বাসায় যাওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে কি না জানি না। মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চেম্বারের নির্বাচন নিয়ে আমি মাথা ঘামাই না।’ মোরশেদ মুরাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মোরশেদ মুরাদের বয়স কম। সে এসেছিল। আমি অভিভাবক হিসেবে ক্ষমা করে দিয়েছি। রাজনীতিবিদদের কেউ গালাগালি করলেও সহজে গ্রহণ করতে হয়।’ মোরশেদ মুরাদ জানিয়েছেন, আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে অর্ডিনারি গ্রুপে তাঁর ১২ জন এবং এম এ লতিফের ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই দাবি নাকচ করে এম এ লতিফ বলেন, অর্ডিনারি গ্রুপে মোরশেদ মুরাদের প্রার্থী ১০ জন। একজন এখনো কোনো প্যানেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি।