চট্টগ্রাম চেম্বারের নির্বাহী পর্ষদের নির্বাচন আজ
চট্টগ্রাম চেম্বারের নতুন নির্বাহী পর্ষদ আজ সোমবার গঠন করা হবে। চেম্বারের ২৪ জন পরিচালক আগামী দুই বছরের জন্য সংগঠনের সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করবেন। নগরের আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বারের মালিকানাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
এদিকে গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম চেম্বারের ২৪ জন পরিচালকের নাম আনুষ্ঠানিকভাবে জানান নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ফৌজুল মুবিন খান। পরিচালকদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মেজ ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং চট্টগ্রামের পতেঙ্গা-বন্দর আসনের আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজও রয়েছেন।
নির্বাচিত পরিচালক আনিসুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, চেম্বারের নির্বাচনে তিনি জ্যেষ্ঠ সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেম্বারের কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে তিনি প্রার্থী হয়েছেন বলে জানান।