চট্টগ্রাম চেম্বারের ন্যায্য মূল্যে চিনি ও চাল বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার-নির্ধারিত চিনির দাম প্রতি কেজি ৬৫ টাকা। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গতকাল শনিবার থেকে প্রতি কেজি ৫৮ টাকা দরে চিনি বিক্রি শুরু হয়েছে। আগ্রাবাদ চেম্বার ভবনের সামনের রাস্তায় ন্যায্য মূল্যে এই চিনি বিক্রি হচ্ছে।চেম্বারের উদ্যোগে চিনির পাশাপাশি চালও বিক্রি হচ্ছে। প্রতি কেজি সিদ্ধ চাল ২৫ এবং আতপ চাল ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭ রমজান পর্যন্ত এভাবে চাল ও চিনি বিক্রি হবে। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাজার মূল্যে চিনি-চাল কিনে চেম্বার কর্তৃপক্ষ ভর্তুকি দিয়ে তা বিক্রির ব্যবস্থা করেছে।গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের চেম্বার হাউসের সামনে ন্যায্য মূল্যে ভোগ্যপণ্য বিক্রি কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ সময় চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, সহসভাপতি মাহবুবুল আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মোরশেদ মুরাদ প্রথম আলোকে বলেন, নায্য মূল্যের পণ্যের তালিকায় ছোলাও আছে। দুই-তিন দিনের মধ্যে ছোলা বিক্রি শুরু হবে।চেম্বারের সভাপতি বলেন, ‘এসব পণ্য বিক্রিতে যত টাকাই ভর্তুকি দিতে হয়, আমরা দেব। এ নিয়ে চেম্বারের বোর্ড সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৭ রমজান পর্যন্ত যত লোকই আসুক না কেন, নির্ধারিত সময়ের মধ্যে আমরা চাল-চিনি-ছোলার সরবরাহ দেব।’চেম্বার সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় একজন লোক সর্বোচ্চ দুই কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতিদিন বেলা ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত বিক্রি কার্যক্রম চলবে।কর্মসূচির উদ্বোধন করে দিলীপ বড়ুয়া বলেন, ‘নিম্ন আয়ের মানুষের জন্য খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কর্মসূচি দেশের প্রতিটি ব্যবসায়ী সংগঠনের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করবে। এ ধরনের কর্মসূচি পণ্যমূল্য স্থিতিশীল রাখার উদ্যোগে সহায়ক ভূমিকা পালন করবে।’