চট্টগ্রাম চেম্বারের শতবর্ষ পূর্তির আয়োজন রাঙামাটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাট তিনটি হাঁস (কৃত্রিম) ঘুরে বেড়াচ্ছে কাপ্তাই হ্রদে। স্বচ্ছ জলে ভাসছে শত বছরের পুরোনো তিনটি নৌকা। এসব নৌকার যাত্রীরা সব পাহাড়ি তরুণ-তরুণী। হ্রদের পাড়ে পাহাড়ি গ্রাম। চারপাশের এই নয়নাভিরাম পরিবেশের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে মঞ্চ। এই মঞ্চের অর্ধেক পানিতে, অর্ধেকটা ডাঙায়।
গতকাল সোমবার দিনভর এই মঞ্চে চলেছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাচ-গান। মাঝে কিছুটা সময় পার্বত্য এলাকার পর্যটনশিল্পের সম্ভাবনাকে কাজে লাগানোর প্রত্যয় ও বাণিজ্যের প্রসার নিয়ে ছিল আলোচনা পর্ব। মন্ত্রী, সাংসদ, মেয়র, কূটনীতিক, ব্যবসায়ী, সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ অতিথিরা পাহাড়ের ঢালুতে ঘাসের গালিচায় বসে উপভোগ করেছেন পুরো আয়োজন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের গতকালের আয়োজন ছিল রাঙামাটির ‘আরণ্যক’ পর্যটন কেন্দ্রে। পর্যটনশিল্পের বিকাশে সহায়তা করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান শতবর্ষ পূর্তি উদ্যাপন কমিটির চেয়ারম্যান সাংসদ এম এ লতিফ ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
বেলা সাড়ে তিনটায় সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, সম্ভাবনার নতুন খাত হিসেবে পর্যটনকে এগিয়ে নিতে সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। নতুন প্রজন্মকে পর্যটনশিল্পে সম্পৃক্ত করতে হবে।
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রাম বৈচিত্র্যে ভরপুর। এই বৈচিত্র্যকে কাজে লাগিয়ে এই অঞ্চলকে নতুন আঙ্গিকে গড়ে তুলতে হবে, যেন অর্থনৈতিক উন্নয়নে এই অঞ্চল নেতৃত্ব দিতে পারে। সমাপনী আয়োজনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন আহমেদ নাসিম।
এর আগে গতকাল সকাল সাড়ে ১০টায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সাড়ে ১১টায় একই মঞ্চে হয় ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম সামিট’ নিয়ে আলোচনা। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘গর্ব করার মতো কৃষ্টি, সংস্কৃতি রয়েছে আমাদের। কিন্তু তা বিশ্বের কাছে পরিপূর্ণভাবে তুলে ধরা সম্ভব হয়নি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে।’
শতবর্ষ উদ্যাপন কমিটির সভাপতি ও সাংসদ এম এ লতিফ বলেন, সরকার এ বছরকে পর্যটন বছর ঘোষণা করেছে। পর্যটনের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগানো যায়নি। পার্বত্য চট্টগ্রাম, সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটার সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটনশিল্পকে এগিয়ে নেওয়া যায়। পর্যটনশিল্পের প্রসারের মাধ্যমে লাখো তরুণ-তরুণীর কর্মসংস্থান করা সম্ভব।
মিসরের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডিন মাহমুদ ইজ্জত বলেন, ‘রাঙামাটি বাংলাদেশের সুইজারল্যান্ড। এখানে পর্যটনের উন্নয়নে অনেক অনেক সম্ভাবনা রয়েছে।’
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা পর্যটনশিল্পের উন্নয়নের পাশাপাশি পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার আহ্বান জানান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে অবহেলিত রেখে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, ভারতের বেঙ্গল চেম্বার অব কমার্সের সভাপতি সুদীপ ঘোষ, মিজোরাম চেম্বার্স অব ইন্ডাস্ট্রিজের সভাপতি কে লালমিংথাংগা ও জাপান দূতাবাসের প্রতিনিধি।