চট্টগ্রাম ছাড়ছে দূরের যাত্রীরা
ঈদুল ফিতর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে নাড়ির টানে গ্রামের দিকে ছুটছে মানুষ। গতকাল দূরদূরান্তের যাত্রীরা চট্টগ্রাম ছাড়তে শুরু করে। চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া গতকাল সব কটি ট্রেনে যাত্রীদের ভিড় ছিল।
ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় সাড়ে ছয় হাজার ট্রেনের টিকিট ছাড়া হয়। যাত্রার দিন দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি হয় কাউন্টারে। গতকাল দাঁড়িয়ে যাওয়ার টিকিট কম বিক্রি হয়েছে বলে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন।
রেলওয়ে সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার অনেকে দাপ্তরিক কাজ শেষ করেছেন। তাঁদের অনেকেই আজ শুক্রবার থেকে স্বজনদের কাছে ফিরতে যাত্রা শুরু করবেন। তাই আজ স্টেশনে ভিড় বাড়বে। দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রিও বাড়তে পারে।
গতকাল স্টেশনে গিয়ে দেখা গেছে, অন্যদিনের তুলনায় যাত্রীর সংখ্যা বেশি ছিল। দূরের যাত্রীরা গতকাল থেকে বাড়ি যাওয়া শুরু করেছে। বিশেষ করে উত্তরবঙ্গ, ময়মনসিংহ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের ভিড় ছিল লক্ষণীয়।
গতকাল মহানগর গোধূলীতে চড়ে ঢাকায় যাচ্ছিলেন আশরাফ আহমেদ। স্ত্রী ও সন্তান নিয়ে তিনি প্রথমে ঢাকায় যাবেন। এরপর আজ শুক্রবার সকালে তিনি ঢাকা থেকে ময়মনসিংহে যাবেন।
আশরাফ আহমেদ বলেন, ‘বাড়ি অনেক দূরে বলে একটু আগেভাগে চলে যাচ্ছি। কারণ, ঢাকা থেকে আবার বাসে চড়ে যেতে হবে ময়মনসিংহ। বাসের টিকিট ছোট ভাই কেটে রেখেছে।’
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম স্টেশন থেকে সব যাত্রী নিরাপদে যাত্রা করেছে। ঈদের বিশেষ ব্যবস্থার প্রথম দিন হওয়ায় স্টেশনে কোনো সমস্যা হয়নি। সুন্দর ব্যবস্থাপনার কারণে সঠিক সময়ের মধ্যে সব কটি ট্রেন ছেড়ে গেছে।