চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সমন্বয় পরিষদের প্রাধান্য
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মো. সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী সভাপতি ও মাহবুবুল আলম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের একাংশ ও বাম সংগঠন-সমর্থিত আইনজীবীদের সমর্থনপুষ্ট ‘সমমনা আইনজীবী সংসদ’ প্যানেল থেকে তাঁরা নির্বাচিত হন। ১৮টি পদের মধ্যে এই প্যানেল থেকে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করে চারজন নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ না পেলেও নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত ‘আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেলের প্রাধান্য রয়েছে। তাঁরা সব কটি পদে প্রার্থী দিয়ে ১১ জন নির্বাচিত হন। অন্যদিকে বিএনপি ও জামায়াত-সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ থেকে নির্বাচিত হন তিনজন। নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে দুই হাজার ২০৫ জনের মধ্যে এক হাজার ৮৩৬ জন ভোট দেন। ১৮টি পদের বিপরীতে তিনটি প্যানেলের ৪০ জন প্রার্থী ছিলেন। এতে সালাহ উদ্দিন হায়দার সিদ্দিকী এক হাজার ৬৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী সংসদের নাজমুল আহসান খান আলমগীর পেয়েছেন ৬৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহবুবুল আলম ৯৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজবাহউদ্দিন চৌধুরী পান ৭১৭ ভোট।