চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় লক্ষ্য করে বোমা নিক্ষেপ
চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়কে লক্ষ্য করে গতকাল বুধবার সন্ধ্যায় পেট্রলবোমা ছুড়ে নাশকতার চেষ্টা চালানো হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জামালখানের কার্যালয়ের নিচতলার বাইরের আঙিনায় একটি পেট্রলবোমা ছুড়ে মারা হয়। এ সময় বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে বাইরে থাকা কিছু বাতিল কাগজপত্রে আগুন ধরে যায়। জানা গেছে, সোয়া ছয়টার দিকে থানা নির্বাচন কর্মকর্তারা দোতলায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বসে নির্বাচনের বিষয় নিয়ে আলাপ করছিলেন।
এ সময় নিচে পুলিশ পাহারা ছিল। তখন হঠাৎ করে একটি পেট্রলবোমা বাইরে থেকে নিচতলার আঙিনায় ছুড়ে মারা হয়। সেটি বিকট শব্দে বিস্ফোরিত হলে সঙ্গে সঙ্গে কর্তব্যরত পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
থানা নির্বাচন কর্মকর্তা (কোতোয়ালি) শফিকুর রহমান জানান, ‘হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ ও আমাদের লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’