চট্টগ্রাম জেলা পরিষদের চার কর্মকর্তাকে বিবাদী করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম চট্টগ্রাম জেলা পরিষদের চারজন কর্মকর্তাকে বিবাদী করে মামলা করেছেন। নগরের অক্সিজেন মোড়ে বাস টার্মিনালের একাংশ ও নালা দখল করে দোকান নির্মাণের অভিযোগে তিনি গতকাল মঙ্গলবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।মামলার বিবাদীরা হলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সরওয়ার জাহান, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, সার্ভেয়ার মোহাম্মদ আজিজ ও সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম।বাদীপক্ষের আইনজীবী মো. রফিকুল আলম প্রথম আলোকে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে হাটহাজারী উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) জমির বর্তমান অবস্থা চিহ্নিত করে আদালতে উপস্থাপনের আদেশ দেন। একই সঙ্গে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ দেন আদালত।জেলা পরিষদের সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া বলেন, ‘আমরা সরকার অনুমোদিত প্রকল্প বাস্তবায়ন করছি। এ ক্ষেত্রে ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করা দুর্ভাগ্যজনক।’বাদী অভিযোগ করেন, অক্সিজেন মোড়ে অবস্থিত জেলা পরিষদের ২৫ গণ্ডা জমির একাংশে চট্টগ্রাম সেনানিবাসের নালা, ফুটপাত ও রাস্তা নির্মাণ করা হয়েছে। বাকি জায়গা রাঙামাটি, খাগড়াছড়ি, হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি এলাকার বাসের স্টেশন হিসেবে ব্যবহূত হচ্ছে। ওই জমির একাংশে জনগণের চলাচলের পথ, নালা, রাস্তা ও গাড়ির পার্কিং বন্ধ করে জেলা পরিষদ দোকান নির্মাণ করছে।এদিকে অক্সিজেন মোড়ে নালার ওপর জেলা পরিষদের দোকান নির্মাণের প্রতিবাদে গতকাল বিকেলে অক্সিজেন মোড়ে স্থানীয় লোকজন মানববন্ধন করে। দোকান নির্মাণ বন্ধের দাবিতে তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে বলে জানায়।