চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন এম এ সালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত আমানত খান শাহ (রা.)-এর মাজার জিয়ারতের পর চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এম এ সালাম। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় তিনি জেলা পরিষদ কার্যালয়ে যান। এ সময় তাঁকে কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত ১৯ সদস্য তাঁর সঙ্গে ছিলেন।
দায়িত্ব নিয়ে এম এ সালাম প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গত পাঁচ বছরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ভিত্তি করে জেলা পরিষদের কর্মকাণ্ড পরিচালিত হবে। জেলার বিভিন্ন জায়গায় সুষম ভিত্তিতে অবকাঠামো নির্মাণ এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার করা হবে। বাংলাদেশের এগিয়ে যাওয়ার চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে।
গত ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এম এ সালাম চট্টগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জেলা পরিষদের নির্বাচনের আগে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন।