চট্টগ্রাম জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবি
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। আজ বুধবার বিকেলে সমিতির জরুরি সাধারণ সভায় এ দাবি জানানো হয়। একইসঙ্গে এক জ্যেষ্ঠ আইনজীবী ও তার গাড়ি চালকের ওপর হামলাকারী জেলা প্রশাসনের কর্মচারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করারও সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিক্ষুব্ধ আইনজীবীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় ও চট্টগ্রাম আদালত ভবন পাশাপাশি অবস্থিত।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক প্রথম আলোকে বলেন, জ্যেষ্ঠ আইনজীবী নিশাত সুলতানার গাড়িচালক মো. সিদ্দিক তাঁর গাড়িটি দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইনজীবীদের জন্য নির্ধারিত পার্কিংয়ে রাখতে যান। এ সময় জাকের হোসেন ও হুমায়ুন কবির নামে জেলা প্রশাসকের কার্যালয়ের দুই আনসার সদস্য গাড়িচালক সিদ্দিকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা সিদ্দিককে বেধড়ক পিটুনি দেন। খবর পেয়ে আইনজীবী নিশাত সুলতানা ও সমিতির সহসভাপতি আবুল কালাম আজাদসহ কয়েকজন আইনজীবী ঘটনাস্থলে গেলে দুই আনসার সদস্য তাঁদের ওপরও চড়াও হন। পরে গুরুতর আহত অবস্থায় গাড়িচালক সিদ্দিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এনামুল হক আরও বলেন, এ ঘটনায় বিকেলে সমিতির পক্ষ থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। এতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, অনতিবিলম্বে চট্টগ্রাম জেলা প্রশাসককে প্রত্যাহার করতে হবে। ওই ঘটনায় জড়িত জেলা প্রশাসনের কর্মচারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। এ ছাড়া ইতিপূর্বে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের হাতে আইনজীবীরা লাঞ্ছিত হওয়ার ঘটনার বিচার করতে হবে।
এদিকে জরুরি সভার পর বিক্ষুব্ধ আইনজীবীরা বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। তাঁরা অবিলম্বে জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবি জানান। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকেলে পুলিশ সদস্যদের সঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) মো. মঈন উদ্দিনকেও দেখা গেছে।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘তুচ্ছ একটি ঘটনায় বিজ্ঞ আইনজীবীরা কেন এসব করছেন বুঝি না। আইনজীবীরা জানানোর পরপরই দুই আনসার সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’