চট্টগ্রাম জেলা প্রশাসনের বৈশাখের আয়োজনে ইলিশ থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ ছাড়াই এবার বৈশাখী উৎসব উদ্যাপন করবে চট্টগ্রাম জেলা প্রশাসন। জাটকা ও মা-ইলিশ রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা প্রশাসন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন জাটকা ও মা-ইলিশ ধরা পড়ছে। ইলিশ রক্ষার স্বার্থে জেলা প্রশাসনের আয়োজনে এবার ইলিশ মাছের তৈরি কোনো খাবার রাখা হবে না। তবে অন্য সব আয়োজন থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া একটি সাম্প্রতিক প্রচলন। ঐতিহাসিকভাবে এর পক্ষে কোনো জোরালো উদাহরণ পাওয়া যায় না। সম্প্রতি পয়লা বৈশাখকে কেন্দ্র করে জাটকা নিধন করা হচ্ছে। নিষিদ্ধ জেনেও বেশি দামে বিক্রির জন্য এই অপরাধ করে যাচ্ছেন কতিপয় অসাধু ব্যবসায়ী। তাঁরা এ সময় ইলিশের দামও মাত্রাতিরিক্তভাবে বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে গতকাল সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরের ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, গতকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী ফিশারিঘাট থেকে পালিয়ে যান। জাটকা নিধন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।