চট্টগ্রাম জেলা সিভিল সার্জনকে অপসারণের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আবু তৈয়বকে অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাচিপ ও ছাত্রলীগ। হাসপাতাল চলাকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আগের দিনের মতো বেশ কিছু সরকারি চিকিৎসক অংশ নেন।ক্যাম্পাসের মোজাম্মেল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বিএমএ ও স্বাচিপের নেতা মুজিবুল হক খান, মাহবুবুল আলম, ফয়সাল ইকবাল চৌধুরী, আরিফুল আমিন, রবিউল করিম, বিশ্বজিৎ দত্ত, রফিকুল মওলা, সাহেনা আক্তার, প্রদীপ দত্ত, কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। তাঁদের অধিকাংশই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। আগের দিনও তাঁরা কলেজ হাসপাতালে সভা-সমাবেশ করেন।সমাবেশে বক্তারা আবু তৈয়বকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিরোধিতাকারী হিসেবে অভিযুক্ত করে তাঁর অপসারণ দাবি করেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। এ সময় আবু তৈয়বের কুশপুত্তলিকা পোড়ানো হয়। তাঁরা আটজন চিকিৎসক নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।হাসপাতাল চলাকালে চিকিৎসকদের মিছিল-সমাবেশে যোগদানের অভিযোগ এনে আবু তৈয়ব বলেন, ‘সরকারি চিকিৎসকেরা হাসপাতাল চলাকালে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ডাকা কর্মসূচিতে যোগ দিচ্ছেন। এটা সরকারি কর্মচারী বিধির পরিপন্থী।’অভিযোগ প্রসঙ্গে বিএমএ চট্টগ্রামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, ‘সরকারি চিকিৎসকদের বিরুদ্ধে মামলা হলে তাঁর সহকর্মীরা তো মাঠে নামবেই। এ ছাড়া মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া তিনি (তৈয়ব) কীভাবে সরকারি চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেন? এটাও তো বিধিবহির্ভূত।’প্রসঙ্গত, আটজন চিকিৎসককে অভিযুক্ত করে সিভিল সার্জন আবু তৈয়ব গত রোববার আদালতে মামলা করেন।