চট্টগ্রাম জেলায় এক দশকে জনসংখ্যা বেড়েছে ১০ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগরসহ চট্টগ্রাম জেলার জনসংখ্যা গত ১০ বছরে বেড়েছে ১০ লাখ ৫৫ হাজার ৩২৮ জন। পঞ্চম আদমশুমারি ও গৃহগণনার চূড়ান্ত ফল অনুসারে গতকাল সোমবার চট্টগ্রাম জেলার জনসংখ্যা ছিল ৮০ লাখ ২১ হাজার ৭৭৮ জন। জেলায় প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্বও বেড়েছে।গতকাল সোমবার সকালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে পঞ্চম আদমশুমারি ও গৃহগণনার চূড়ান্ত ফল ঘোষণা করেন। অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রচার করা হয়। এরপর চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ চট্টগ্রাম জেলার আদমশুমারির চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন। গত বছরের মার্চ মাসে দেশব্যাপী আদমশুমারি ও গৃহগণনার কার্যক্রম পরিচালিত হয়। গত বছরের জুলাইয়ে প্রকাশিত শুমারির প্রাথমিক ফলাফল অনুসারে, ২০১১ সালের ১৫ মার্চ চট্টগ্রাম জেলার জনসংখ্যা ছিল ৭৯ লাখ ১৩ হাজার ৩৬৫ জন। এর আগে ২০০১ সালের চতুর্থ আদমশুমারি ও গৃহগণনার ফলাফল অনুসারে চট্টগ্রাম জেলার জনসংখ্যা ছিল ৬৯ লাখ ৬৬ হাজার ৪৫০ জন।ওই জরিপ অনুসারে জেলায় পুরুষের সংখ্যা ছিল ৩৬ লাখ ৬৪ হাজার ৩৭৩ জন এবং নারী ছিল ৩৩ লাখ দুই হাজার ৭৭ জন। গতকাল সোমবার প্রকাশিত আদমশুমারির চূড়ান্ত ফলাফল অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশ। অনুষ্ঠানে জেলা প্রশাসক ফয়েজ আহমদ জানান, এই হার অনুসারে আজ (সোমবার) চট্টগ্রাম জেলার জনসংখ্যা ৮০ লাখ ২১ হাজার ৭৭৮ জন। পঞ্চম আদমশুমারির ফল ঘোষণা করে জেলা শুমারি কমিটির সভাপতি জেলা প্রশাসক ফয়েজ আহমদ বলেন, চট্টগ্রামের জনসংখ্যা গত এক দশকে প্রায় ১০ লাখ বেড়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম নগর হওয়ায় অন্যান্য জেলা থেকেও লোকজন চট্টগ্রামে চলে আসে।জেলার জনসংখ্যার ঘনত্বও খুব বেশি। অনুষ্ঠানে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আবু তৈয়ব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এহছানে এলাহী, জেলা পরিসংখ্যান কর্মকর্তা ওয়াহিদুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।