চট্টগ্রাম জেলায় এখনো আটজন নিখোঁজ: পুলিশ সুপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলায় ‘নিখোঁজ’ তালিকার ১৭জনের মধ্যে নয়জনের সন্ধান পাওয়া গেছে। এই তালিকায় এখনো আটজনের কোনো হদিস নেই বলে জানালেন জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা। 

আজ শনিবার বিকেলে নগরের একটি কমিউনিটি সেন্টারে সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার এই তথ্য দেন। অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী বক্তৃতা করেন। এতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা ও অতিরিক্ত পুলিশ (দক্ষিণ) এমরান ভুঞা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পুলিশ সুপার।
মতবিনিময় অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, জেলায় ১৭ জনের নিখোঁজ তালিকা তৈরি করা হয়েছিল। এর মধ্যে নয়জন ফিরে এসেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয়জনের তালিকা তৈরি করেছিল। তাঁরাও ফিরে এসেছেন। কিন্তু জেলার ১৭ জনের মধ্যে আটজনের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তিনজন চন্দনাইশ উপজেলার, দুজন হাটহাজারী এবং সীতাকুণ্ড, ভুজপুর ও লোহাগাড়ার একজন করে রয়েছে। তবে তাঁদের পরিচয় তিনি তদন্তের স্বার্থে প্রকাশ করেননি।
মতবিনিময় অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক ও আদর্শিক যুদ্ধ ঘোষণা করে বলেন, জঙ্গিবাদের মূল শেকড় উৎপাটন না হওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা ব্যারাকে ফিরবে না। তিনি বলেন, জঙ্গি সংগঠনগুলোর সদস্যদের তালিকা সংগ্রহ করে তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে। আর মফস্বলের থানা সদর, পৌরসভা, জনবহুল অঞ্চল, বিপণিবিতান, ধর্মীয় প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।