চট্টগ্রাম জেলায় জামায়াতের হরতাল কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা ও মহানগরে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জামায়াতে ইসলামী। তবে চলমান পিএসসি পরীক্ষা এই হরতালের আওতামুক্ত থাকবে।

সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলায় দুই জামায়াত নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে। মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ এ কথা জানিয়েছেন।

মিরসরাই উপজেলায় গতকাল শুক্রবার রাতে হাফেজ জসিম উদ্দীন (২৭) নামের এক জামায়াতকর্মী দুর্বৃত্তদের হামলায় নিহত হন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হাটব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গত বুধবার সকালে জামায়াত নেতা আমিনুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হাত-মুখ বাঁধা ও মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। তাঁর পরিবারের দাবি, গত রোববার সন্ধ্যায় ঢাকা থেকে সীতাকুণ্ডে ফেরার পথে কুমিল্লার একটি রেস্তোরাঁ থেকে ডিবি পরিচয়ে কয়েকজন আমিনুলকে মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।