চট্টগ্রাম ডিসি হিলের উন্নয়ন দরপত্র বাতিল
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) গতকাল রোববার ডিসি হিলের উন্নয়ন দরপত্র-প্রক্রিয়া বাতিল করেছে।
চউকের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিসি হিলের উন্নয়ন দরপত্র প্রক্রিয়া বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় প্রকল্প প্রস্তাব অনুমোদন দিলে এবং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
গত ৫ মার্চ গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ডিসি হিল পরিদর্শন করে এর উন্নয়ন ও তত্ত্বাবধানের দায়িত্ব চউককে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। চউক এই পার্কের উন্নয়নে ছয় কোটি ৬৫ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য গত ২৮ এপ্রিল মন্ত্রণালয়ে পাঠায় ও ৩০ এপ্রিল স্থানীয় দৈনিকে উন্নয়নকাজের দরপত্র বিজ্ঞপ্তি দেয়। কিন্তু অনুমতি না নেওয়ায় দরপত্র-প্রক্রিয়া বন্ধ রাখতে চউককে ৬ মে চিঠি ও ৮ মে উকিল নোটিশ দেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
গত শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক অনুষ্ঠানে গৃহায়ণমন্ত্রী ডিসি হিল নিয়ে কোনো ধরনের আইনি লড়াইয়ে না যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ডিসি হিলের উন্নয়ন নিয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। এ ছাড়া, তিনি ডিসি হিলে কোনো ধরনের খাবারের দোকান ও পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হবে না বলে গণমাধ্যমকর্মীদের জানান।
চট্টগ্রামের সুশীল সমাজের প্রতিনিধি ও নগর পরিকল্পনাবিদেরা বলেছেন, উন্নয়ন বা সংস্কারের নামে ডিসি হিলের প্রাকৃতিক সৌন্দর্য ক্ষুণ্ন করা যাবে না। ধ্বংস করা যাবে না এই পাহাড়ের জীব ও উদ্ভিদ বৈচিত্র্য। তবে সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে এই পার্কের উন্নয়ন দরকার।