চট্টগ্রাম ড্রাই ডকে কনটেইনার জাহাজের নির্মাণকাজ শুরু
সমুদ্রগামী জাহাজ মেরামতকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড দুটি কনটেইনার জাহাজের নির্মাণকাজ শুরু করেছে। গতকাল বুধবার সকালে লোহার পাটাতনে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মাণকাজের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ ১২ জন অতিথি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার জন্য জাহাজ দুটি নির্মাণ করছে ড্রাইডক। জাহাজ দুটি নির্মাণে চুক্তিমূল্য ৭৫ কোটি ৭৪ লাখ টাকা। ২০১৬ সালে জাহাজ দুটির নির্মাণকাজ শেষ হবে। জাহাজ দুটি চট্টগ্রাম-পানগাঁও নৌপথে কনটেইনার পরিবহনে ব্যবহার হবে।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে জাহাজ দুটি হস্তান্তর করবে ড্রাই ডক। জাহাজ নির্মাণের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা করল প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মঈনুদ্দিন আবদুল্লাহ। এতে বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মো. ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, চিটাগাং ড্রাইডকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান।