ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের মন্দভাগ রেলস্টেশন এলাকায় গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মালবাহী একটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল আড়াই ঘণ্টা বন্ধ থাকে। কসবা রেলস্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী দেওয়ানহাট বিসিএস বিশেষ ট্রেনটি গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় কসবা রেলস্টেশন ছেড়ে যায়। মন্দভাগ রেলস্টেশনের পৌঁছার আগে আগে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে রাত নয়টা ১৫ মিনিটে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। রাত ১০টায় উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হয়।কসবা রেলস্টেশন মাস্টার প্রণব কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি উদ্ধারকারী ট্রেন এসে রাত সোয়া নয়টায় উদ্ধারকাজ শুরু করে।