চট্টগ্রাম-ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম-ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটি সরিয়ে নেওয়ার পর আজ বুধবার বিকেল পাঁচটার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে জংশনের নিয়ন্ত্রণকক্ষের কেবিন মাস্টার হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বিকেল পাঁচটার দিকে দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটি উদ্ধারের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সিলেট থেকে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনের আউটারে মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ৯৬১ নম্বরের ওই মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল।
এদিকে চট্টগ্রাম-ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় আখাউড়া স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর ও চট্টলা এক্সপ্রেস এবং সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।