চট্টগ্রাম থেকে অপহূত শিশু কুমিল্লায় উদ্ধার গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শহরতলির কাট্টলী থেকে অপহূত স্কুলছাত্রকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া স্কুলছাত্রের নাম মেহেরাজ হাসান (৬)। সে কাট্টলীর পণ্ডিতবাড়ি সিটি মডেল কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র। পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের পুলিশ কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেলাল উদ্দিন, মীর আলতাফ ও নূর হোসেনকে গ্রেপ্তার করে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত সোমবার স্কুল থেকে ফেরার পথে মেহেরাজকে অপহরণ করে দুর্বৃত্তরা চৌদ্দগ্রামে নিয়ে যায়। এরপর তার পরিবারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুঠোফোনের সূত্র ধরেই পুলিশ চৌদ্দগ্রামে অভিযান চালায়।