চট্টগ্রাম থেকে অপহূত শিশু ফেনীতে উদ্ধার গ্রেপ্তার ৩
চট্টগ্রাম থেকে অপহূত একটি শিশুকে ফেনীর দাগনভূঞায় উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গত মঙ্গলবার ও সোমবার পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে।উদ্ধার হওয়া শিশুটির নাম মেহেদী হাসান (৫)। অন্যদিকে গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন মো. সানাউল্লাহ (২৮), সোহাগ হোসেন (২০) ও সাইফুল ইসলাম (১৮)। তাঁদের ফেনী ও চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, শিশুটিকে নগরের বায়েজিদ থানার চন্দ্রনগর এলাকা থেকে গত ২৫ অক্টোবর অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর শিশুটির বাবার কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দর-কষাকষি করে শিশুটির রিকশাচালক বাবা মুক্তিপণের টাকা ২০ হাজারে নামিয়ে আনেন। এরপর মুক্তিপণের তিন হাজার টাকাও দেওয়া হয়। বিষয়টি পুলিশের নজরে এলে আসামিদের ধরতে অভিযান শুরু হয়।নগরের পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মো. মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘মেহেদীর বাসায় আসামিদের একজনের নিয়মিত যাতায়াত ছিল। ওই আসামির প্ররোচনায় মেহেদীকে অপহরণ করা হয়। একপর্যায়ে মেহেদীকে ফেনীর দাগনভূঞার একটি বাড়িতে আটকে রেখে মুক্তিপণ নিয়ে আসামিরা দর-কষাকষি করে। এই অবস্থায় আমরা অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও তিন আসামিকে গ্রেপ্তার করি।’