চট্টগ্রাম থেকে অপহৃত কিশোরী ফরিদপুরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে অপহৃত ১৬ বছর বয়সী এক কিশোরীকে ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে শহরের ওয়্যারলেসপাড়া এলাকার টিঅ্যান্ডটি কলোনির আবু জাফরের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে।
ওই কিশোরী গত ১৩ মার্চ চট্টগ্রাম শহরের ইপিজেড থানা এলাকা থেকে অপহৃত হয়। তার মা বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) উত্তম চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন অপহৃত কিশোরী ফরিদপুর সদর উপজেলায় অবস্থান করছে। পরে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশের সহায়তায় অপহৃতাকে উদ্ধার করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে জানান, গতকাল রোববার বিকেলে উদ্ধার করা কিশোরীকে মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) উত্তম চক্রবর্তীর কাছে হস্তান্তর করা হয়েছে।